
মোঃ জিহান বাবু, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও (ESDO)-র কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্থাটি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বললেও মাঠপর্যায়ে তার উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন উন্নয়ন ও বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক নানা প্রকল্পের কথা নথিপত্রে উল্লেখ থাকলেও বাস্তবে সেসব কার্যক্রমের অস্তিত্ব খুবই সীমিত। কোথাও কোথাও আংশিক কাজ হলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো থেকে কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দাতা সংস্থা ও সরকারি তহবিল থেকে মোটা অংকের বরাদ্দ পেলেও সংস্থাটি অধিকাংশ ক্ষেত্রে সভা-সেমিনার আয়োজন ও কাগজে-কলমে কার্যক্রম দেখিয়েই দায়িত্ব শেষ করছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কোনো টেকসই ও বাস্তবমুখী উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে না।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি ও দাতা সংস্থার অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন। অন্যথায় উন্নয়নের নামে বরাদ্দকৃত অর্থের অপচয় অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।