প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালুখেকোদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ

ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালুখেকোদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ
মোঃ জিহান বাবু, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুর আশ্রয়ণ প্রকল্পের কোলঘেঁষে বয়ে চলা ছোট যমুনা নদীতে বালুখেকোদের আগ্রাসী থাবা পড়েছে। শুষ্ক মৌসুমকে পুঁজি করে দিন-রাত অব্যাহতভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের তুলনায় রাতে বালু পাচারের তৎপরতা বহুগুণ বেড়ে যায়। রাত গভীর হলেই খননস্থলে বালু পরিবহনকারী শত শত ট্রাক্টরের শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হয়। সরকারি কোনো ইজারা বা নিয়ম-নীতির তোয়াক্কা না করেই এসব চোরাই বালু প্রকাশ্যে চড়া দামে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন স্থানে বালুর বিশাল স্তূপ দেখে বোঝার উপায় নেই যে এটি সম্পূর্ণ বেআইনি ও কালোবাজারি ব্যবসা।
অবৈধভাবে নদীর পাড় ঘেঁষে গভীর খননের ফলে চরম ঝুঁকিতে পড়েছে নদীতীরবর্তী সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি এবং কৃষকদের শত শত একর আবাদি জমি। এতে স্থানীয় ভুক্তভোগী মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ ও নিজেদের বসতভিটা রক্ষায় তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী বলেন, “নদীতে অবৈধ খনন ও বালু পাচারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুতই নির্দিষ্ট স্পটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুখেকো চক্রের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)