
রাঙ্গাবালী প্রতিনিধি :মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “দেশের উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিন। ইনশাল্লাহ, আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে আগামী পাঁচ বছর আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারব।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। এই দল ক্ষমতায় এলে অবহেলিত জনপদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। ইতোমধ্যে চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল এলাকা থেকে চর-বেষ্টিন এবং বাইলাবুনিয়া থেকে চরমার্গারেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বেরিবাঁধগুলো দ্রুত সংস্কার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং চরমোন্তাজ ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতিতে তিনি আরও বলেন, “যদি কোনো প্রার্থী জান্নাতের টিকিট দিতে পারে, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করব। কারণ আমিও জান্নাতে যেতে চাই।” তার এই বক্তব্যে উপস্থিত জনসাধারণের মধ্যে হাস্যরস ও উৎসাহের সৃষ্টি হয়।
সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।