
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেওগাঁওয়ে অবস্থিত আজিজীয়া ইসলামীয়া মাদ্রাসায় গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় আনুমানিক রাত ৩টা।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, চোরেরা মাদ্রাসার এতিমখানার জন্য সংরক্ষিত চাল, মাছ, মাংস, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। ভোরে শিক্ষক ও শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে হতবাক হয়ে পড়েন।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি শফিকুল ইসলাম ডালিম বলেন, “আমাদের মাদ্রাসায় এতিম শিশুদের থাকার ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। গভীর রাতে এতিমদের খাবার ও মাদ্রাসার টাকা-পয়সা চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। এতে এতিম শিশুদের স্বাভাবিক জীবন ব্যাহত হবে। আমরা আশা করি প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে।”
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মাদ্রাসায় ছুটে আসেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী দাবি করেছেন, দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এমন মানবিক প্রতিষ্ঠান পুনরায় অপরাধের শিকার না হয়।