
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পান্ডব ও পায়রা নদীর উপর দীর্ঘদিনের প্রত্যাশিত নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২.৩০ মিনিটে উপজেলার রাজাখালী বাজার এলাকায় ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ১১১ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, এবং পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ।
মন্ত্রী দুমকি উপজেলায় প্রবেশের সময় নলুয়া-বাহেরচর ফেরি পার হয়ে তাকে স্বাগত জানান। সড়ক ও জনপথ পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার লিমনও উপস্থিত ছিলেন।
২০২১ সালের ৮ জুন তৎকালীন সরকার একনেক সভায় ১০২৩.৫০ কোটি টাকা ব্যয়ে বরিশাল (দিনেরারপুল) – লক্ষ্মীপাশা – দুমকি সড়কে পান্ডব- পায়রা নদীর উপর ১৩৮০ মিটার দীর্ঘ নলুয়া-বাহেরচর সেতু প্রকল্প অনুমোদন দেয়। সেতুর মূল অংশটি ৪২০ মিটার স্টিল টাইড আর্চ এবং ভায়াডাক্ট অংশের ৯৬০ মিটার প্রি-স্ট্রেসড আই গার্ডার। এছাড়া ৩.২৯ কিমি এপ্রোচ সড়ক, ৫.২০ কিমি সংযোগ সড়ক, ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম, টোলপ্লাজা, ওয়েট ব্রিজসহ নদীর তীর রক্ষাপ্রদ কাজও প্রকল্পে অন্তর্ভুক্ত।
প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে এবং নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত হয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন।