
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি ও ইটপাটকেল ব্যবহার করে একে অপরকে ধাওয়া করে।
স্থানীয় সূত্র জানায়, হাবিবুর রহমান তালুকদার ও কবির খানের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সংঘর্ষের আগে হাবিবুরের সমর্থকরা কবির খানের সমর্থক শহীদ খানকে মারধর করলে উত্তেজনা আরও বাড়ে।
আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম নিশ্চিত করেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।