
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
চাঁদপুর, ২৭ ফেব্রুয়ারি (স্টাফ রিপোর্টার) – শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষক যদি অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হন বা কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত শিক্ষকদের অবহেলা বা অনিয়মের খবর যাচাই করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিক্ষামন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, “পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার শিক্ষার মান বৃদ্ধির পরিবর্তে অবকাঠামো নির্মাণে বেশি আগ্রহী ছিল, যেখানে দুর্নীতির সুযোগ বেশি ছিল। আমরা সেই অচলায়তন ভাঙতে চাই।”
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।