
মো. আরফান আলী , ঠাকুরগাঁও প্রতিনিধি , আমার সকাল ২৪ (পত্রিকা)
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক প্রবাসী যুবক। নিহত ওই যুবকের নাম সোহান। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জোহানেসবার্গের কাছাকাছি কেতলেহং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
জানা গেছে, নিহত সোহান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটি মুদি দোকানে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সোহান দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক পেছনের দিকে যান। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা দোকানে ঢুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহান।
নিহতের স্বজনদের দাবি, সংসারের হাল ধরতে ধার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু এমন অপ্রত্যাশিত মৃত্যুর খবর পুরো পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করেছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
নিহতের মামা মহরম আলী মিঠু বলেন, “সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ—যত দ্রুত সম্ভব মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”
এদিকে, নিহতের বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেকে আর ফিরে পাব না, অন্তত তার মরদেহটা যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি।”
স্থানীয়রা জানান, সোহান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও দ্রুত সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।