
বরিশাল প্রতিনিধি : মোহাম্মদ জাহিদুল ইসলাম পহলান
ক্রাইম রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় গণমানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার বিকেলে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত এই জনসভায় সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের অঞ্চল থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
জনসভাস্থল বেলস পার্ক মাঠ ও আশপাশের সড়কগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মিছিল সহকারে জনসভায় অংশ নেন। জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে নির্বাচনমুখী গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র পথ। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আয়োজকদের দাবি, বরিশালের ইতিহাসে এটি অন্যতম বৃহৎ জনসমাবেশে পরিণত হয়েছে।