
ফরিদপুর সংবাদদাতা: মো: শাহীন হাওলাদার
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার টেকনিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে, যার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ সরকার এখনো তেলের দাম বৃদ্ধি করেনি।
তিনি আরও বলেন, “দেশে তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছে। অনেক মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন, একবারের জায়গায় পাঁচবারও তেল নিচ্ছেন। এতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গেও উল্লেখ করেন, “সালথা-নগরকান্দা এলাকায় এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান, সরকারের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে।”
পরিদর্শনকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সময় উপস্থিত ছিলেন।