
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় পে-স্কেল যথাসময়ে ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।
জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সুপারিশটি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পুরোপুরি কার্যকর করার কথা বলা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নির্বাচিত সরকার চাইলে পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে-স্কেল ঘোষণার না থাকলেও পরবর্তী সরকারের জন্য বাস্তবায়নের পথ সহজ করা হচ্ছে।
তারেক রহমান বেকার সমস্যা সমাধানের লক্ষ্যেও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ দেশের অর্থনৈতিক খাত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।