
আমতলী উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত তরমুজ প্রদর্শনী প্লট থেকে এখন পুরোদমে তরমুজ সংগ্রহ কার্যক্রম চলছে। বরগুনা জেলার আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ সাফল্যের চিত্র দেখা গেছে।
ব্লক: গুলিশাখালী
জাত: আনন্দ
গুলিশাখালীর কৃষক সাহিন গাজী তরমুজ চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এবার আগের তুলনায় অনেক ভালো ফলন হয়েছে। লাভের আশা করা যাচ্ছে।”
স্থানীয় গুলিশাখালী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এ বছর তরমুজের আকার, রঙ ও স্বাদ অনেক ভালো হয়েছে। অনেকেই বলছেন, “এই চরে এমন তরমুজ হবে—জীবনেও কল্পনা করতে পারিনি।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়ার ফলেই কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদে সফল হচ্ছেন। কৃষি কর্মকর্তারা জানান, ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি কৃষককে এ চাষে উদ্বুদ্ধ করা হবে।
এদিকে তরমুজ পরিবহনের জন্য মালবোঝাই গাড়ির এক চালক বলেন, “এত অজপাড়া গাঁয়ে এমন মানের তরমুজ হবে—ভাবতেই পারিনি।”
চরাঞ্চলে তরমুজ চাষের এই সফলতা স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি এলাকার অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।