
স্টাফ রিপোর্টার
শ্রী মোহন চন্দ্র
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী, যিনি এলাকায় ‘ডিসি বারী’ নামে পরিচিত।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবরে জয়পুরহাট শহরসহ তাঁর নির্বাচনী এলাকা আক্কেলপুর, কালাই ও ক্ষেতলালে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। বিএনপির নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁকে ঘিরে অভিনন্দনের বন্যা দেখা যায়।
জয়পুরহাট-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আব্দুল বারী ৬৫ হাজার ৫৪৮ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব। মাঠপর্যায়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাঁকে নির্বাচনে এগিয়ে রাখে।
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন বলেন, “আব্দুল বারী সাহেবের জন্ম আমাদের কালাই উপজেলায়। তিনি প্রতিমন্ত্রী হওয়ায় আমরা গর্বিত। স্বাধীনতার পর জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসন থেকে কোনো মন্ত্রী হয়নি। এবার তাঁর হাত ধরে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশাবাদী।”
নির্বাচনী হলফনামা অনুযায়ী, আব্দুল বারীর অস্থাবর সম্পদের পরিমাণ ২৬ লাখ ৬৪ হাজার টাকা এবং স্থাবর সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা। তাঁর বার্ষিক আয় ৯ লাখ ৯৪ হাজার ৮৯৭ টাকা।