
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে মোট ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, কোতোয়ালি ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠান ও একজনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনের জুরাইন ও শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১১ জন ব্যবসায়ীকে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেলের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শাহআলী এলাকায় পরিচালিত অভিযানে ১৭টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে একজনকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন দোকান থেকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, আগারগাঁও আইডিবি ভবন ও নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনা করে ৬টি দোকানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মহাখালী আড়ং ও গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি দোকানকে সর্বমোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান পরিচালনার দায়ে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয় এবং ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যদের সতর্ক করা হয়।
উল্লেখ্য, ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত অভিযানে মোট ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।