ডা. মোসলেহ উদ্দীন ফরিদ: ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হবে আগামী দিনের ভিত্তি
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঝিকরগাছা–চৌগাছা আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেছেন, জনগণের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিদান তিনি সেবা ও সততার মাধ্যমে দিতে চান। তিনি বলেন, “ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হবে আমাদের আগামী দিনের ভিত্তি।” ঝিকরগাছা-চৌগাছাকে একটি শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
রোববার বিকেলে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে কুমরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় যারা আহত হয়েছেন কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই তার পরিবারের সদস্যের মতো। “তাদের কষ্ট আমার কষ্ট। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, কোনো বিভেদ সৃষ্টির জন্য নয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে,” যোগ করেন তিনি।
সংসদ সদস্য জানান, এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন তার অগ্রাধিকার। গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এসব বিষয়কে সামনে রেখেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। “উন্নয়নের সুফল যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের লক্ষ্য,” বলেন তিনি।
এর আগে তিনি কুমরী পশ্চিমপাড়া এলাকায় নির্বাচনের দিন আহত ও গভীর রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুনছুরের বাড়ি পরিদর্শন করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
শংকরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব নিছার উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্পরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা অনেক বড়। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্য ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিক থাকবেন।
এ সময় ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হারুন অর রশিদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির জামিরুল ইসলাম, জামায়াত নেতা নাজমুল ইসলাম, শংকরপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাজান কবির সাজু আহম্মেদসহ ইউনিয়নের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
