
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রাসেল হাওলাদার (৩৬)। তিনি একই এলাকার দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন রাসেল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয়রা খুঁটির নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মরদেহের বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়া অবস্থায় ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।