
টঙ্গীতে ছিনতাইকারী আটক, গণধোলাইয়ে কবজি বিচ্ছিন্ন
গাজীপুর প্রতিনিধি |
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ছিনতাইয়ের সময় মাইন উদ্দিন (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে গণধোলাইয়ের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তার হাতের একটি কবজি কেটে দেয়।
বুধবার (৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক মাইন উদ্দিন টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাইন উদ্দিনসহ তিনজনের একটি ছিনতাইকারী চক্র রাতে রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের গতিরোধ করছিল।
এক পর্যায়ে তারা এক পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেয়।
আহত পথচারী সাহসিকতার সঙ্গে এক ছিনতাইকারীকে জাপটে ধরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় অন্য দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা মাইন উদ্দিনকে আটক করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। আহত পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।