
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাবেক উপজেলা আমীর ও বর্তমান নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদের।
রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, অধ্যাপক হারুন অর রশিদ ঝিকরগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মোবারকপুর গ্রামের বাসিন্দা। উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা জানান, পৌরসভার রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাকে মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, “জামায়াতে ইসলামীর রুকন ভাই-বোনেরা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে মনোনীত করেছেন। আমি নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে পৌরবাসীর বন্ধু হয়ে কাজ করব। ঝিকরগাছা পৌরসভার দীর্ঘদিনের সমস্যাগুলো দূর করে ন্যায় ও ইনসাফভিত্তিক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।”
এলাকাবাসীর মতে, তিনি একজন সৎ, নম্র ও শিক্ষানুরাগী ব্যক্তি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং বিভিন্ন সংকটে তাদের পাশে থেকেছেন।