
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পৌর সদরের বি.এম. হাইস্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, জনগণ অন্য কাউকে দায়িত্ব দিলে জামায়াতে ইসলামী গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে তা মেনে নেবে। তবে দল দায়িত্ব পেলে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং দুর্নীতি ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি আরও বলেন, দেশ পরিবর্তনের লক্ষ্যে আগামী নির্বাচনে চৌগাছা ও ঝিকরগাছার জনগণ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান ও রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমীর আবদুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট হাবিব কায়সার, জেলা শিবির সভাপতি ইসমাইল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা। আয়োজকদের দাবি, মিছিল ও সমাবেশে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।