
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না হওয়া পর্যন্ত ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস অভিযানের নেতৃত্ব দেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ বলেন, “বেসরকারি ক্লিনিকগুলো সরকারি নীতিমালা মেনে সেবা দিতে হবে। রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিত তদারকি চলবে।”
অভিযানকালে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।