প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে যুবক আহত

ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে যুবক আহত
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় বিদেশ পাঠানোর নামে ১২ লাখ টাকা প্রতারণার পর আরও টাকা দাবি করে ইমামুল হাসান (৩২) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শিমুল হাসান নামে এক মানব পাচারকারীর বিরুদ্ধে।
জানা গেছে, গত ২৬ এপ্রিল (রবিবার) বেলা ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার চান্দা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ইমামুল হাসান ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা বড় কুলি গ্রামের মো. মনসের আলীর ছেলে। অভিযুক্ত শিমুল হাসান (৩২) একই উপজেলার চান্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে শিমুল হাসান ইমামুলের কাছ থেকে ১২ লাখ টাকা নেন। পরে আরও টাকা দাবি করলে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল ধারালো দা দিয়ে ইমামুলকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)