প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা

ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান (৪০)। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় বসবাস করতেন।
শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম নাভারণ এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়।
প্রাথমিক তল্লাশিতে তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুন্দিপুরে নিজ বসতবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির টাকা বলে আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পুলিশ জানায়, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)