
ঝালকাঠিতে ১৩ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা এলাকায় ভুক্তভোগী লিয়া মনি তার ১৩ মাসের সন্তান জেসমিনের মৃত্যুর ঘটনায় প্রেমিক হৃদয় বেপারির বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে সোমবার দুপুরে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তারা জানান, ২০২১ সালে লিয়া মনি হৃদয় বেপারির সঙ্গে সম্পর্ক শুরু করেন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি সন্তান জন্ম দেন। এরপর ১৯ ফেব্রুয়ারি হৃদয় বেপারি শিশুটিকে কৌশলে নিয়ে পালিয়ে যান এবং পরে এক চাইল্ড হোমে পাঠান। ২০২৬ সালের ৯ মার্চ শিশুটিকে পুনরায় নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিয়া মনি অভিযুক্ত হৃদয় বেপারি ও আরও দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। শিশুর মৃত্যুর জন্য হৃদয় বেপারিকে দায়ী করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে। অভিযুক্তের বাবা আবুল বেপারী অভিযোগ অস্বীকার করেছেন। ঝালকাঠি সদর থানার ওসি জানান, আসামী পলাতক রয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে।