
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:
সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের বিশাল ভোটে নির্বাচিত করার ভালোবাসার প্রতিদান তিনি কাজের মাধ্যমে দিতে চান। তার প্রধান লক্ষ্য এই দুই উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জগন্নাথপুরের ইকড়ছই হারুন রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে স্থানীয় মানুষের সম্মানে আয়োজিত বিশাল দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান এবং আইনজীবীসহ বিভিন্ন স্থানীয় নেতারা।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম, জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।