
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জেলার একটি মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসকদের অফিস টাইমের নিয়মিত উপস্থিতি এবং রোগীদের আন্তরিক সেবা প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়াও হাসপাতাল ক্যাম্পাস সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
সভায় বক্তব্য রাখেন কনসালটেন্ট ডা. প্রশান্ত সরকার, ডা. জয়ন্ত কুমার, ডা. তানজিম হোসেন, মেডিকেল অফিসার ডা. মারুফা জান্নাত, ডা. নাঈম নুর রোদেলা, ডা. নাজমুল খান এবং উপসহকারী মেডিকেল অফিসার ডা. মির্জা রুবেল।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন, এমপির পরামর্শক্রমে অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সকে জেলার শীর্ষে পৌঁছে দেওয়া সম্ভব।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে এমপি কয়ছর আহমদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়, যেখানে তিনি নিজে অংশ নিয়ে দেয়াল পরিষ্কার করেন।