ছাগলনাইয়ায় গণভোট ও জুলাই জাতীয় সনদ বিষয়ে সচেতনতামূলক আলাপ
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:তামজীদ
ফেনী জেলা তথ্য অফিসার এস. এম. আল আমীন ছাগলনাইয়া বাজারে গণভোট ও জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক সচেতনতামূলক আলাপচারিতা করেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর জুলাই জাতীয় সনদে বর্ণিত ধারাগুলো বাস্তবায়ন করা দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সনদে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী গঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
এস. এম. আল আমীন আরও জানান, ভবিষ্যৎ সংসদ দুই কক্ষবিশিষ্ট করার পরিকল্পনা রয়েছে এবং নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।
তিনি বলেন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যসহ প্রায় ৩০টি বিষয়ে সনদে ঐকমত্য হয়েছে, যা বিজয়ী রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়ন করতে হবে।
আলাপচারিতায় স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
