
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভোজ্য তেলের মজুদ ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-১১ ও উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান এবং র্যাব-১১, সিপিসি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবির। তাদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান এবং গুদামঘর পরিদর্শন করে।
অভিযান চলাকালে ভোজ্য তেলের মজুদের পরিমাণ যাচাই করা হয়। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি ও মজুদদারির অভিযোগ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। অনিয়মের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে বলে জানা যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভোজ্যপণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।