
বিশেষ প্রতিনিধি: মোঃ রেজাউল করিম, লালমনিরহাট
লালমনিরহাটের মহেন্দ্রনগরের চিনিপাড়া গ্রামে ডিবি পুলিশের অভিযানে একটি বাড়ি থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে।
রবিবার অভিযানের সময় বাড়ির শয়নকক্ষে তক্ষকগুলো পাওয়া যায়। অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক মো. মুকুল আলী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষকগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষকগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে দীর্ঘদিন ধরে চোরাই বাজারে তক্ষক কোটি টাকায় বিক্রি হয়—এমন গুজব ছড়িয়ে আছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের তথ্যের সত্যতা মেলেনি এবং এ গুজবকে কেন্দ্র করে অনেকেই অবৈধভাবে তক্ষক ধরার চেষ্টা করে থাকে।