
বিক্রম হোসাইন কাব্য (চুয়াডাঙ্গা জেলা):
উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসন ও জীবননগর সাহিত্য পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরে।
উক্ত শোভাযাত্রায় জীবননগর সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সাহিত্য পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা শাহজাহান আলী, সভাপতি আল হাসান মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কৃষি বিষয়ক সম্পাদক রাজেদুল ইসলাম, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, কবি কবিরা আল চপল এবং শিক্ষক মাহফুজুর রহমান।
বর্ণিল এই আয়োজনে শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল সাহিত্য পরিষদের জারি শিল্পীদের উপস্থিতি। জারি শিল্পী আদম আলী, শাহাদাত হোসেন, হাসেম আলী, আসাদুল ইসলাম, এনামুল হক, বিল্লাল হোসেন ও শাহজাহান মিয়াসহ অন্যান্যরা লোকজ গানের ছন্দে শোভাযাত্রায় অংশ নেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষের এই আনন্দ শোভাযাত্রাটি এক মিলনমেলায় পরিণত হয়।