
মোঃ মেহেদী হাসান
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্বকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সভাপতি পদপ্রার্থী হিসেবে শীর্ষ আলোচনায় রয়েছেন ত্যাগী ছাত্রনেতা শিমুল সরকার।
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মতে, শিমুল সরকার একজন পরিশ্রমী, সাহসী ও কর্মীবান্ধব নেতা হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে সাধারণ কর্মীদের আস্থার প্রতীকে পরিণত করেছে।
তৃণমূল নেতারা মনে করেন, চারঘাট উপজেলা ছাত্রদলের নেতৃত্ব শিমুল সরকারের হাতে ন্যস্ত করা হলে সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং আগামীতেও আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিগত সময়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ২৮ অক্টোবর ২০২৩ থেকে শুরু করে জুলাই ২০২৪ পর্যন্ত বিভিন্ন ছাত্র-জনতার আন্দোলনে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসব কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার হামলার শিকার হন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাও দায়ের করা হয়েছে বলে নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দমে না গিয়ে শিমুল সরকার সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন—যা তাকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় করে তুলেছে।