
জাহিদুল ইসলাম (জাহিদ)
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত পরিস্থিতি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করতে আপনাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চাই—এ ক্ষেত্রে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কাম্য।”
তিনি আরও জানান, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিক নেতারা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।