
জাহিদুল ইসলাম (জাহিদ)
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
জ্বালানি সংকটের কারণে চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশনে যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পর্যাপ্ত তেল মজুদ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিয়ম অনুযায়ী প্রতিটি ফিলিং স্টেশনের ট্যাংকে কমপক্ষে ৭৫০ লিটার জ্বালানি মজুদ রাখা বাধ্যতামূলক। তবে চলমান জ্বালানি সংকটের কারণে অনেক স্টেশন মালিক এ নির্দেশনা মানতে পারছেন না বলে জানিয়েছেন বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আজিজুল হাকিম।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে অবস্থিত মেসার্স হোসেন পেট্রোলিয়াম ফিলিং স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ট্যাংকে পর্যাপ্ত জ্বালানি না থাকলে তেল উত্তোলনের সময় পরিমাপে কম আসার সম্ভাবনা থাকে এবং পাম্পের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং স্টেশন মালিকদের সতর্ক করছি।”
তিনি জানান, এ সমস্যার স্থায়ী সমাধানে জ্বালানির সরবরাহ স্বাভাবিক করা এবং প্রশাসনিক সমন্বয় জরুরি।
এদিকে পাম্প মালিকরা জানান, জ্বালানির সংকটের মধ্যেও প্রয়োজনীয় মজুদ রাখতে গিয়ে একদিকে যেমন চাপ বাড়ছে, অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ঝুঁকিও রয়েছে। ফলে দ্বিমুখী চাপে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।