
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরে ১১ বছরের এক শিশুকে ফুসলিয়ে লঞ্চে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ চাঁদপুর সদর মডেল থানাধীন পুরান বাজার এলাকার নদীপাড় সংলগ্ন রনাগোয়াল এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়। পরে শিশুটির পরিবার বিষয়টি থানায় অভিযোগ হিসেবে দাখিল করে।
এ ঘটনায় শিশুটির নানী খাতিজা বেগম (৫৩) বাদী হয়ে ২৯ মার্চ রাতে নাসির উল্লাহ বাহাদুর নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি রঘুনাথ এলাকার নিয়ামত উল্লাহ বেপারীর ছেলে বলে জানা গেছে।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিলেন। পরে র্যাব-১১ তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তের পরিবার বিভিন্নভাবে মামলাটি প্রভাবিত বা সমঝোতার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে।