প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৪:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর, ২৬ এপ্রিল ২০২৬: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে এবং ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় ‘মা আইসক্রিম’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, পরিত্যক্ত মুরগির ফার্মে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ‘আয়াত বেকারি’কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এছাড়া নিয়মিত তদারকির অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)