
উথোয়াই খৈ রাখাইন (স্টাফ রিপোর্টার), চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। ভুক্তভোগী দোলন ধর (৪৩) কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে স্বর্ণের ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্যবস্তু ব্যবসায়ীকে ঘিরে ফেলে এবং জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। বাধা দিলে তাকে কিল-ঘুষি ও ধাক্কাধাক্কি করা হয়।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের দোকানদার, পথচারী ও স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে দুর্বৃত্তদের প্রতিরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় নগরীর ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছেন।