
জিহাদুল ইসলাম | বিশেষ প্রতিনিধি (ঢাকা)
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান–এ দিন দিন প্রকট আকার ধারণ করছে যানজট সমস্যা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সড়কে দীর্ঘ যানবাহনের সারি, এলোমেলো পার্কিং ও ফুটপাত দখলের কারণে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী, পথচারী ও ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ তদারকির অভাবে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)–কে ফোনে বিষয়টি জানাতে গেলে তিনি কল রিসিভ না করে বরং নম্বর ব্ল্যাকলিস্ট করে দেন।
এছাড়া, সামনাসামনি যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকর্মীদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে মন্তব্য করেন, যানজট নিরসন তাঁর একার দায়িত্ব নয়। এ ধরনের বক্তব্য ও আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
তাদের মতে, জনসেবামূলক দায়িত্বে থাকা কর্মকর্তাদের এমন উদাসীনতা ও অসহযোগিতামূলক মনোভাব প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।