
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
ঢাকা: ২৪ বছরের পর্যটনকর্মী আবুজর শেখ হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী **শেখ হাসিনা**সহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের এসআই ইসরাইল হোসেন ১৮ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট জমা দেন। গুলশান থানার আদালতের কর্মকর্তা উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চার্জশিটটি আমলে নেওয়া বিষয়ে আদালতে এখনও শুনানি হয়নি।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বল ও উগ্রতা প্রয়োগ করেছেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে প্ররোচনা প্রদানের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় তাদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩২৬/৩০২/১১৪/১০/৩৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
চলতি মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য মির্জা আজম এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালান। এতে আবুজর গুরুতর গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পর নিহতের মা ছবি খাতুন বাদী হয়ে ১৬ নভেম্বর গুলশান থানায় শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২৭ জনের মধ্যে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। বর্তমানে বিচারপতি মানিকসহ তিন আসামি কারাগারে রয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২ জন পলাতক; তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।