
গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি বলেছেন, “টঙ্গী তথা গাজীপুরকে মাদক মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। নির্বাচনে জয়ী হয়ে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার ব্যবস্থা করা হবে এবং মাঠ সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শুক্রবার বিকেলে টঙ্গীর সিটি কর্পোরেশন স্কুল মাঠে পোশাক শ্রমিক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গাজীপুর একটি শিল্প অধ্যুষিত জেলা হওয়ায় এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। তাই সঠিক সময়ে শ্রমিকদের ন্যায্য বেতন প্রদান নিশ্চিত করতে হবে। আমরা আর শ্রমিকদের বেতন ভাতার আন্দোলন দেখতে চাই না।”
প্রসঙ্গত, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী ফারুক হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুর রউফ বাবুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক এবং অন্যান্য কর্মকর্তা ও ফুটবল ম্যাচ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।