
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।
সভায় তিনি জ্বালানি তেলের সংকটজনিত পরিস্থিতিতে জ্বালানি পাম্প ও বিভিন্ন ডিপোতে পর্যবেক্ষণ ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এছাড়া, জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো দ্রুত উদ্ঘাটন, নিষ্পত্তি ত্বরান্বিত করা, ওয়ারেন্ট তামিল জোরদার করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভার পরপরই অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতর ২০২৬ পুনর্মিলনী, যেখানে পুলিশ কমিশনার বলেন, এ পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। তিনি সকলকে পেশাদারিত্ব, ঐক্য এবং মানবিকতা বজায় রেখে জনগণকে মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।
উক্ত সভা ও পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, ট্রাফিক, ডিবি, সিটিএসবি, কোর্ট ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার এবং সিআইডি-এর প্রতিনিধি।