
মো. রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ভোটের গাড়ি’ এখন বগুড়ার আদমদীঘি উপজেলায় অবস্থান করছে।
“গণভোট ও সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাড়িটি নসরতপুর ইউনিয়ন পরিষদে পৌঁছায়। পরে বিকাল ৪টায় কুন্দগ্রাম, সন্ধ্যা ৬টায় চাঁপাপুর এবং সন্ধ্যা ৭টায় আদমদীঘি বাসস্ট্যান্ডে এসে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এ সময় স্থানীয় জনগণের মাঝে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আয়োজকেরা জানান, এই ভোটের গাড়ি কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে না। বরং দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব এবং গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এর মূল উদ্দেশ্য।
ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইযোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা এবং তরুণ ও নারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হচ্ছে।
এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আরও সচেতন হচ্ছেন বলে জানান আয়োজকেরা। আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ির এই প্রচারণা দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
এর আগে রবিবার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রচার কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেন।