
মোঃ সোলায়মান গনি | কুড়িগ্রাম
নদীভাঙন, দারিদ্র্য ও অবহেলার দীর্ঘ ইতিহাস বহন করা কুড়িগ্রাম থেকেই দেশের উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কুড়িগ্রামের মানুষের দুঃখের নাম তিনটি নদী। বর্ষা এলেই মানুষের বুক কেঁপে ওঠে। অথচ নদী শাসনের নামে গত ৫৪ বছর ধরে লুটপাট চালানো হয়েছে। নদী ভাঙন রোধের নামে যত বাজেট এসেছে, তা লুটেরা চক্র নিজেদের পেটে হজম করেছে।
তিনি অভিযোগ করে বলেন, নদীগুলোকে রক্ষা করার পরিবর্তে পরিকল্পিতভাবে হত্যা করে মরুভূমিতে পরিণত করা হয়েছে। এই লুটেরা চক্র দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
কুড়িগ্রামবাসীর উদ্দেশে জামায়াত আমীর বলেন, “আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, ইনশাআল্লাহ এই লুটের টাকা জনগণের কাছে ফিরিয়ে আনা হবে।”
কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, “এই কুড়িগ্রাম থেকেই আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। উত্তরবঙ্গকে আমরা কৃষি ও শিল্পের রাজধানীতে পরিণত করবো।”
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে শুরু হওয়া আন্দোলনে একে একে প্রায় ১ হাজার ৪০০ জন বীর শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য আমানত। আমরা কখনোই এই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না ইনশাআল্লাহ।”
যুবসমাজকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা নয়, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশ গড়ার দায়িত্ব তুলে দিতে চাই। প্রতিটি হাত হবে উৎপাদনের হাত।”
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।