
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: এস.এম সোলায়মান গনি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ সেনাবাহিন্যের এক সদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন আসমা আক্তার (১৯), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের বিল্লাল খানের মেয়ে। অভিযুক্ত সেনাসদস্য জাহাঙ্গীর আলম (২১) ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শাহা আলীর ছেলে।
জানা গেছে, প্রায় তিন বছর আগে জাহাঙ্গীর সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। চাকরিরত অবস্থায় মোবাইল ফোনে আসমার সঙ্গে তার পরিচয় হয় এবং গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে আসমার দাবি। পরে জাহাঙ্গীর বিয়ের জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে না পারায় তিনি বিয়ে অস্বীকার করেন।
গত ২২ ফেব্রুয়ারি আসমা জাহাঙ্গীরের বাড়িতে গেলে প্রথমে থাকতে দেওয়া হয়। তিন দিন পর জাহাঙ্গীরের খালা ও আত্মীয়রা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা আসমাকে উদ্ধার করে ২৬ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ৩ মার্চ আসমা ভূরুঙ্গামারী থানায় নির্যাতন মামলা দায়ের করেন। পুলিশের অভিযান শেষে জাহাঙ্গীরের বাবা শাহা আলী ও মা জাহানারা বেগমকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী আসমা আক্তার বলেন, “আমি পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এসেছি। আমাকে অমানবিকভাবে বের করে দেওয়া হয়েছে। মোবাইলের ছবি ও ভিডিও মুছে দেওয়া হয়েছে। আমি ন্যায়বিচার চাই।”
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন এই মামলা দায়ের ও আটককৃতদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।