
কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি
রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বহনকারী গাড়ি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে এমপিসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনা মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঘটে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্কজনক পরিস্থিতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে কুড়িগ্রামে ফেরার পথে এমপিকে বহনকারী গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ড. আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসভবনে অবস্থান করছেন এবং শঙ্কামুক্ত রয়েছেন। গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংসদ সদস্যের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি।