
ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে লাউকুড়া ও হেমন্তগঞ্জ গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত লাউকুড়া গ্রামের কৃষক রহম আলী চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ মার্চ ২০২৬ হেমন্তগঞ্জ গ্রামের নজির মিয়া ও সজীব মিয়ার নেতৃত্বে প্রায় ৪০০-৫০০ জন দেশীয় অস্ত্রসহ লাউকুড়া গ্রামের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয়। তাদের হামলার নির্দেশে কাসেম চেয়ারম্যানের বাড়িতে হামলা চালানো হয়, এতে ২৫ জন আহত হন। গুরুতর আহত চারজনের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং রহম আলীসহ একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, রহম আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। সংঘর্ষে মামলা ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করা হবে এবং আসামিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।