
বিধান চন্দ্র রায়, কাহারোল উপজেলা প্রতিনিধি
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকা থেকে সোমবার (১৬ মার্চ ২০২৬) দেশের বিভিন্ন নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান, এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেন, “নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, গ্রামীণ জনপদের পানি সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে আখ্যা দিয়ে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাল ও জলাধার ভরাট থাকায় কৃষি ও দৈনন্দিন জীবনে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হওয়ায় তারা নতুন আশার আলো দেখছেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং সংশ্লিষ্টদের যথাযথ পরিকল্পনা ও স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।