
আনিসুর রহমান
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি বাজারের মনিরের দোকানে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পথচারীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কালিয়াকৈর স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় বাজারের ১৮টি দোকান এবং দোকানে থাকা সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।