
মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করার অভিযোগে ৩০ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব-এ ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেইজ পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করে গুরুতর আহত অবস্থায় কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে দেয়। পরে পরিবারের সদস্যরা ৯৯৯ জরুরি সেবা-তে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার অভিযোগ করেছেন, একটি প্রভাবশালী চক্র তার ভিডিও প্রকাশের কারণে ক্ষুব্ধ হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে আবদুল আওয়াল এই অভিযোগ অস্বীকার করেছেন।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে মারধর করে হত্যা করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।