
কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বালুখালী এলাকায় অভিযান চালানো হয়।
সেনাবাহিনী জানিয়েছে, অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদ পাওয়ার পর বালুখালী ১নং ওয়ার্ডে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি জুলু প্রকাশ ওরফে জুলু ডাকাতের ছেলে আমিন এবং তার দেহরক্ষী জানে আলমসহ তিনজনকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তল ম্যাগাজিন, দুটি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকিটকি সেট।
সেনাবাহিনী আরও জানিয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে বালুখালী এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার ও অপতৎপরতা দমন করার লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
আটককৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।