
মোঃ মেহেদী হাসান
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শরীফ উসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি সালথা উপজেলা আহ্বায়ক সজিব আল হোসাইন, যুগ্ম-সমন্বয়কারী রোমান শেখ, সদস্য সচিব সজিব মিয়া, এনসিপি নেতা মো. তনু, বাসার খন্দকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।