প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সিজন ২ উদ্বোধন

ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সিজন ২ উদ্বোধন
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব উপজেলার ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ (সিজন ২)। টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল বাদল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় দুই শক্তিশালী দল। উভয় দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়। খেলা দেখতে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশ এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। প্রতিটি খেলাই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দর্শকদের জন্য আকর্ষণীয়।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের মাধ্যমে মতলবের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় তরুণদের মাঝে ফুটবলের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)